প্রিন্ট এর তারিখঃ May 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 25, 2026 ইং
২০ লাখ টাকায় বিক্রি, খালেদা জিয়াকে উপহার দেওয়া সেই ‘কালো মানিক’

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়া পটুয়াখালীর আলোচিত ষাঁড় ‘কালো মানিক’ ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে।
শনিবার (২৪ মে) রাজধানীর উত্তরা দিয়াবাড়ি পশুর হাটে ২০ লাখ টাকায় সিলেটের ব্যবসায়ী ফাহিমের কাছে গরুটি বিক্রি করা হয়। যদিও শুরুতে গরুটির দাম চাওয়া হয়েছিল ২২ লাখ টাকা।
জানা যায়, গত বছর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়া এ গরুটি ঘিরে পটুয়াখালীবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছিল। ১৮০০ কেজি ওজনের বিশালদেহী কালো মানিককে একনজর দেখতে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাঁটিবুনিয়া গ্রামের কৃষক সোহাগ মৃধার বাড়িতে প্রতিনিয়ত ভিড় করতেন আশপাশের মানুষ।
রাজধানীর হাটে নিয়ে আসার পরও গরুটি ঘিরে মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। গরুটির সঙ্গে ছবি তুলতে ও এক নজর দেখতে ভিড় করেন অনেকে।
সোহাগ মৃধা বলেন, ‘২০ লাখ টাকায় আমাদের কালো মানিককে বিক্রি করেছি। এই টাকা দিয়ে আমি আমার নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করব। তারপর বাকী টাকা দিয়ে নিজের সচ্ছলতা ফেরাতে একটি গরুর ফার্ম দেব। আমি খুবই খুশি যে গরুটি এই দামে বিক্রি করতে পেরেছি। যিনি কিনেছেন তিনিও সন্তুষ্ট। তিনি আমাকে ঈদের দাওয়াত দিয়েছেন পরিবারসহ। আমরা এখন সিলেটেই আছি।’
সোহাগের স্ত্রী সুলতানা বেগম বলেন, `এত বছর পেলে-পুষে গরুটি বড় করেছি। যদিও একটু খারাপ লাগছে। তবে আমরা ভালো দাম পেয়েছি। এ দিয়ে আমরা ভালোভাবে দিনযাপন করতে পারব।’
দীর্ঘ সাত বছর ধরে গরুটি আদর-যত্নে লালন-পালন করে আসছেন খামারি সোহাগ মৃধা। গত বছর পবিত্র ঈদুল আজহায় বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গরুটি উপহার দেওয়া হলে তিনি উপহার গ্রহণ করে কৃষক সোহাগের পরিবারের সচ্ছলতা ফেরাতে আবার তাকেই উপহার হিসেবে গরুটি ফিরিয়ে দেন। এরপর এবার ‘কালো মানিক’কে বিক্রির প্রস্তুতি নেওয়া হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট